নিজস্ব প্রতিবেদক
শনিবার (৪ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি তেল ও এলএনজি আমদানির গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ছুটির দিনের বিকেলে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে মোট ১৬ লাখ টন ডিজেল এবং ১ লাখ টন পেট্রল আমদানির লক্ষ্যে তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে কাজাখস্তানের প্রতিষ্ঠান 'কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি' থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ টন হাই স্পিড ডিজেল (এইচএসডি) বা অটোমোটিভ গ্যাস অয়েল (এজিও) আমদানির প্রস্তাবটি কমিটি অনুমোদন করেছে।
জ্বালানি তেলের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান 'আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড' থেকে ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এদিকে, কিছু প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নিয়েছে জ্বালানি বিভাগ।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক 'ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিও' থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রল আমদানির প্রস্তাব এবং ওমানভিত্তিক 'ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি' থেকে ১ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব ক্রয় কমিটির সভা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।