সারাদেশ

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ নয়: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:৫৩, ০৪ এপ্রিল ২০২৬
photo

নিজস্ব প্রতিবেদক, পাবনা সঠিক তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেছেন, বিভ্রান্তি এড়াতে ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে।

 

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে অনেক সময় এমন তথ্য পরিবেশন করা হয় যা জনমনে বিভ্রান্তি তৈরি করে। তাই সঠিক সংবাদ পরিবেশনের স্বার্থে প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা অপরিহার্য।

 

সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি জেলায় একটি করে স্থায়ী প্রেসক্লাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে সন্ধ্যায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী ‘পাবনা বইমেলা’র উদ্বোধন করেন তিনি।

 

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন। তিনি জানান, সংবাদপত্রের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে ইতোমধ্যেই সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এছাড়া বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যেসব গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের একটি তালিকা তৈরির কাজও বর্তমানে চলমান রয়েছে।