নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শিশুদের মধ্যে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৪ জন নতুন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালটির বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে মোট ৬৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ গত ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল ৯টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সর্বমোট ২০৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩২ জন। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই দু-একজন করে হামের রোগী আসতে শুরু করেছিল। তবে মার্চের মাঝামাঝি সময় থেকে এই রোগের প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করে। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল কর্তৃপক্ষ ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছে। বর্তমানে তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করে দিনরাত শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান: "গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন শিশু ভর্তি হয়েছে। স্বস্তির বিষয় হলো এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে রোগীর সংখ্যা এখনো কমছে না। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি এবং শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।"
বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা ৬৭ জন শিশুর প্রতি বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল প্রশাসন।