নিজস্ব প্রতিবেদক
ইসলামিক টিভি ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের পক্ষ থেকে আগামী তিন মাসের জন্য বিশেষ একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে সব বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যক্তিগত ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (৩ এপ্রিল) টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ প্রতিমন্ত্রী জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ কারণেই বাজার বন্ধের সময়সীমা নির্ধারণ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ব্যয় সংকোচনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপগুলো আগামী তিন মাসের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।
তেল ও জ্বালানি পরিস্থিতি দেশে তেলের কোনো সংকট নেই উল্লেখ করে মীর শাহে আলম বলেন, জ্বালানি তেলের আমদানি এবং সরবরাহ ব্যবস্থা বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষকে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
বিগত উন্নয়নের সমালোচনা বিগত ১৭ বছরের উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, গত দেড় দশকে কেবল উন্নয়নের মুখরোচক বুলি শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। বর্তমানে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আগের অব্যবস্থাপনা এবং অসম্পূর্ণ কাজের প্রকৃত চিত্র পরিষ্কারভাবে সামনে আসছে।
টাঙ্গাইলের বাজার উন্নয়নে বিশেষ গুরুত্ব টাঙ্গাইলের স্থানীয় সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, শহরের পার্ক বাজারের রাস্তা ও সার্বিক উন্নয়নের বিষয়ে জেলা স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই উন্নয়ন কাজগুলো শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।