নিজস্ব প্রতিবেদক
সারা দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হামের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়। সরকারি তথ্যমতে, গত ২৮ মার্চ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৬৭৮ জন বলা হলেও হাসপাতালগুলোর বাস্তব চিত্র ভিন্ন। মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামের সংক্রমণ মোকাবিলায় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে দেশের বড় হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ ছাড়াও ঢাকার গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোতে হামের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। এর মধ্যে রয়েছে: মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল , শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল , ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল ,সংক্রামক ব্যাধি হাসপাতাল ,মাতুয়াইলের আইসিএমএইচ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ক্রমবর্ধমান এই সংক্রমণ নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছে। প্রতিটি হাসপাতালেই হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।