নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় সম্পদ সাশ্রয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পর এবার নিজ মন্ত্রণালয়ের জনবলকে নির্দিষ্ট সময়ে অফিসে অবস্থানসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এই আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত আবশ্যিকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। দাপ্তরিক অন্যান্য কর্মসূচি এমনভাবে সাজাতে হবে যেন এই নির্ধারিত সময়ের কোনো ব্যাঘাত না ঘটে। ইতিপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা থাকলেও বর্তমানে তার কিছুটা বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে বলেই নতুন করে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, এর মধ্যে রয়েছে প্রাকৃতিক আলোর ব্যবহার ,অপচয় রোধ ,অফিস শেষে সতর্কতা ,আলোকসজ্জা বর্জন এবং পরিচ্ছন্নতা ও তদারকি ।
অফিস কক্ষের পাশাপাশি করিডোর, টয়লেট এবং সিঁড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব নিয়ম ঠিকঠাক পালিত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি বা মনিটরিং করার জন্য প্রতিটি দপ্তর ও সংস্থাকে দ্রুত একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠনের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।