সারাদেশ

রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:২৬, ০১ এপ্রিল ২০২৬
photo

দেশব্যাপী শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আগামী রোববার থেকে শুরু হচ্ছে বড় আকারের হামের টিকাদান কর্মসূচি। এই কার্যক্রম সফল করতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে প্রায় ২১.৯ লাখ টিকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন।


বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।


স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে। টিকাদানের পাশাপাশি প্রয়োজনীয় সিরিঞ্জ সংগ্রহের কাজও দ্রুতগতিতে চলছে। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে এই সরঞ্জামগুলো দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে মন্ত্রণালয়।


টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রী বলেন, সারাদেশে একযোগে এই কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মীদের সজাগ থাকা প্রয়োজন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে উল্লেখ করে মো. সরদার সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত ভেন্টিলেটরের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।