সারাদেশ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত

ঘাটতির শঙ্কা নেই
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৪:৩৪, ৩১ মার্চ ২০২৬
photo

দেশে বর্তমানে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

 

জ্বালানি বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে দেশে সবচেয়ে বেশি মজুত রয়েছে ডিজেল, যার পরিমাণ ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। এছাড়া অন্যান্য জ্বালানির মধ্যে ৪৪ হাজার ৬০৯ টন জেট ফুয়েল, ১১ হাজার ৪৩১ টন পেট্রল এবং ৭ হাজার ৯৪০ টন অকটেন মজুত রয়েছে।

 

বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যে পরিমাণ জ্বালানি সংরক্ষিত আছে, তা দিয়ে আগামী ১৫ থেকে ১৬ দিন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে দেশের চাহিদা মেটানো সম্ভব হবে।

 

জ্বালানি নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে কর্মকর্তারা আরও জানান, বর্তমান মজুত শেষ হওয়ার আগেই বেশ কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। ফলে নিকট ভবিষ্যতে দেশে জ্বালানি তেলের কোনো ধরনের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই।