নিজস্ব প্রতিবেদক
২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১২টায় শেষ হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ ব্যক্তিরা জরিমানার সম্মুখীন হতে পারেন বলে সতর্ক করা হয়েছে।
এনবিআর জানায়, ২০২৫-২৬ করবর্ষের জন্য বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এখন পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখেরও বেশি করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪২ লাখ ৫০ হাজারের বেশি করদাতা সফলভাবে তাদের আয়কর রিটার্ন অনলাইনে জমা দিয়েছেন।
চলতি বছর করদাতাদের সুবিধার্থে রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে যারা আজ রাত ১২টার মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা যৌক্তিক কারণ দেখিয়ে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে পারবেন। এনবিআর জানিয়েছে, কর কমিশনারের কাছে লিখিত আবেদনের মাধ্যমে করদাতারা আরও ৯০ দিন পর্যন্ত বাড়তি সময় পেতে পারেন।
সময় বৃদ্ধির এই আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করতে এনবিআর অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা এখন ঘরে বসেই ই-রিটার্ন পোর্টালে লগইন করে 'Time Extension'মেন্যুর মাধ্যমে অতিরিক্ত সময়ের আবেদন করতে পারছেন। এমনকি যারা এখনো ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেননি, তারাও দ্রুত নিবন্ধন করে সময় বৃদ্ধির এই সুযোগ নিতে পারবেন।
জরিমানা বা অতিরিক্ত কর এড়াতে করদাতাদের আজ রাত ১২টার মধ্যেই রিটার্ন দাখিলের পরামর্শ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে কোনো অনিবার্য কারণে দেরি হলে আজ মধ্যরাতের মধ্যেই অনলাইনে সময় বৃদ্ধির আবেদন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।