নিজস্ব প্রতিবেদক
দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে অনলাইন ও অফলাইনের সমন্বয়ে 'ব্লেন্ডেড' বা মিশ্র পদ্ধতির পাঠদান চালুর পরিকল্পনা করছে সরকার। বৈশ্বিক সংকট এবং জ্বালানি পরিস্থিতির কথা বিবেচনা করে এই নতুন শিক্ষাক্রম প্রবর্তনের বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, রোজা, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষার্থীদের পাঠদানে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সাথে সশরীরে উপস্থিতির পাশাপাশি ভার্চুয়ালি ক্লাস নেওয়ার বিষয়টিকেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এক জরিপের তথ্য উল্লেখ করে মন্ত্রী জানান, দেশের প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সরকার শিক্ষার্থীদের সামাজিক বিকাশের বিষয়টি নিয়েও সচেতন। তিনি বলেন, "পুরো শিক্ষা ব্যবস্থা অনলাইন করা হলে শিক্ষার্থীরা সামাজিক বিচ্ছিন্নতার শিকার হতে পারে, তাই অনলাইন ও অফলাইনের একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা তৈরির কাজ চলছে।"
শিক্ষামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
আপাতত স্কুল পর্যায়ে এই মিশ্র পদ্ধতি চালুর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। তবে পর্যায়ক্রমে কলেজ পর্যায়েও এটি চালু করা যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপাতত ভিন্ন কোনো ব্যবস্থাপনা থাকতে পারে বলে মন্ত্রী জানান।
মহানগরীগুলোতে যানজট কমানো এবং আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থার কথাও ভাবছে সরকার। এর মধ্যে বৈদ্যুতিক বাস, মেট্রো রেল, সৌরশক্তিচালিত পরিবহন এবং নিয়মিত বাস সার্ভিস চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।