সারাদেশ

হামসহ ৬ রোগের টিকা কিনতে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা প্রদান: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:১৪, ৩০ মার্চ ২০২৬
photo

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। হামসহ শিশুদের ছয়টি মারাত্মক রোগের প্রতিষেধক ক্রয়ের জন্য জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা প্রদান করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এই তথ্য নিশ্চিত করেন।

 

স্বাস্থ্যমন্ত্রী জানান, এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই বিপুল পরিমাণ টিকা দেশে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। বিশেষ করে ২০১৮ সালের পর বড় কোনো টিকাদান কর্মসূচি না হওয়ায় যেসব শিশু নিয়মিত টিকার বাইরে রয়ে গেছে, তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে একটি বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

 

সংক্রমণ মোকাবিলায় দেশের স্বাস্থ্য অবকাঠামোতে দ্রুত কিছু পরিবর্তন আনা হয়েছে ,মহাখালীতে এক শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা একটি আইসিইউ ইউনিট মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে পুনরায় চালু করা হয়েছে। মানিকগঞ্জ ও রাজশাহীতে নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর দ্রুত সংযোজনের কাজ চলছে। রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে শিশুদের জন্য বিশেষায়িত ওয়ার্ড ও আইসোলেশন ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, "আমরা পরিস্থিতি গুরুত্বের সাথে সামাল দিচ্ছি। শিশুদের টিকার আওতায় আনাই এখন সবচেয়ে বড় সুরক্ষা।" তিনি আরও উল্লেখ করেন যে, গত এক দশকে নিয়মিত টিকাদান কর্মসূচি চললেও নির্দিষ্ট কিছু গ্যাপের কারণে বর্তমানে এই প্রকোপ দেখা দিয়েছে।

 

সরকার উদ্ভূত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের কারিগরি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।