নিজস্ব প্রতিবেদক
জাতির ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের ‘প্র্যাকটিক্যাল ডক্টর’বা ফলিত চিকিৎসক হিসেবে অভিহিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেছেন যে, একটি জাতির মেরুদণ্ড সোজা রাখার মূল দায়িত্ব শিক্ষকদের ওপরই ন্যস্ত থাকে। আজ রবিবার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত নতুন জাতীয়করণকৃত কলেজের নন-ক্যাডার শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষকদের তাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব পালনে অবিচল থাকতে হবে। শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো স্নেহ ও শাসনের মাধ্যমে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর উন্নত বাংলাদেশ গঠন কোনো একক ব্যক্তি বা সরকারের কাজ নয়, বরং এটি একটি জাতীয় অঙ্গীকার যেখানে শিক্ষকদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। শিক্ষা খাতকে ‘ইবাদতখানা’হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিটি ভালো ফলাফল শিক্ষকদের জন্য দীর্ঘমেয়াদী নেক আমল বা ‘সদকায়ে জারিয়া’হিসেবে গণ্য হবে।
দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থার কিছু কাঠামোগত ত্রুটি ও দীর্ঘসূত্রতা নিয়ে মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিসেম্বরের মধ্যে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণে পরবর্তী বছরের এপ্রিল বা জুন পর্যন্ত সময় নেয়। এই বিলম্বের কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের প্রতি মন্ত্রী নির্দেশনা দেন যে, প্রশিক্ষণ শেষে তারা যেন লিখিত সুপারিশ জমা দেন। শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতেই একটি সময়োপযোগী এবং কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অতীতের বাধাগুলো কাটিয়ে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নায়েমের মহাপরিচালক ড. ওয়াসিম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রশিক্ষণার্থী শিক্ষকরা।