নিজস্ব প্রতিবেদক
সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অনিয়ম রুখতে দেশের সব গণপরিবহনে জিপিএস (GPS)সিস্টেম চালু করার ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে মহাসড়কে কোনো যানবাহন নির্ধারিত ৮০ কিলোমিটার গতির সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রবিবার (২৯ মার্চ) ঈদ-পরবর্তী এক মূল্যায়ন সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সেতুমন্ত্রী জানান, গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং যুক্ত করার ফলে যানবাহনের গতিবিধি রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে গতি নিয়ন্ত্রণ ,রুট ভায়োলেশন ,ভাড়া নিয়ন্ত্রণ ও ফিটনেস যাচাই সম্ভব হবে।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো যানবাহন নির্ধারিত গতির চেয়ে বেশি জোরে চললে বা রুট পরিবর্তন করলে জিপিএস প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় ব্যবস্থা নেওয়া হবে। সদ্য সমাপ্ত ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়লেও কোথাও বড় ধরনের যানজট বা স্থবিরতা তৈরি হয়নি। কিছু এলাকায় যানবাহনের চাপ থাকলেও সার্বিকভাবে মহাসড়ক ছিল সচল। তবে সড়কে কয়েকটি প্রাণহানির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতায়াত আরও নির্বিঘ্ন করতে বেশ কিছু কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন শেখ রবিউল আলম। পাশাপাশি গাজীপুর-চন্দ্রা ও শফিপুরের মতো চিরচেনা যানজটপ্রবণ এলাকাগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। বিআরটিএ, পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই পরিকল্পনাগুলো চূড়ান্ত করা হয়েছে।
আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়ক পরিবহন খাতকে আরও নিরাপদ ও জবাবদিহিতার আওতায় আনাই সরকারের মূল লক্ষ্য বলে মন্ত্রী মন্তব্য করেন।