নিজস্ব প্রতিবেদক
লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ন্যাশনাল নিউজ এজেন্সি) জানায়, একটি সংবাদমাধ্যমের গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় দুই সাংবাদিকসহ চারজন নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, জেজ্জিন সড়কে এই হামলার শিকার হয় একটি গণমাধ্যম দলের গাড়ি। এতে নিহতদের মধ্যে রয়েছেন আল-মানার টেলিভিশনের সাংবাদিক আলী শুয়াইব এবং আল-মায়াদিন টেলিভিশনের সাংবাদিক ফাতিমা ফাতুনি। হামলায় তাদের সঙ্গে থাকা আরও দুই বেসামরিক নাগরিকও প্রাণ হারান।
একই দিনে দক্ষিণ লেবাননে পৃথক আরেকটি হামলায় পাঁচজন চিকিৎসাসেবাকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন আদেল আতেফ, হোসেন আলী দারবিশ, হাসান মুসা নূর আল-দিন, আলী হাসান জাহ্হা এবং ইব্রাহিম জাহের আবু জেদ। তারা জরুরি চিকিৎসা সহায়তা দিতে গিয়ে হামলার শিকার হন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, জাওতার আল-গারবিয়াহ শহরে মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে তারা প্রাণ হারিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ইরানে সামরিক উত্তেজনার পাশাপাশি লেবাননেও ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান ক্রমশ তীব্র হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার বড় অংশই বেসামরিক নাগরিক।