সারাদেশ

র‍্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মো. আহসান হাবীব পলাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৫:৩০, ২৮ মার্চ ২০২৬
photo

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। বাহিনীর ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। আজ শনিবার তিনি বর্তমান পদের দায়িত্ব বুঝে নেন।

 

তিনি ১৫তম বিসিএস ব্যাচের এই চৌকস কর্মকর্তা ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সারদা পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে তার পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন।

 

দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা (ডিএমপি), চট্টগ্রাম (সিএমপি) ও সিলেট (এসএমপি) মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালনের পাশাপাশি রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় কাজ করেছেন। এছাড়াও ৪ এপিবিএন এবং পিবিআই সদরদপ্তরের প্রশাসনিক ও তদন্ত বিভাগে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পদোন্নতি পেয়ে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

 

আহসান হাবীব পলাশ কেবল দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত দক্ষ। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ পুলিশে তার অসামান্য সেবার স্বীকৃতি হিসেবে তাকে সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ মেডেল’(বিপিএম-সেবা) প্রদান করা হয়েছে।

 

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

 

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং অপরাধ দমনে নবনিযুক্ত এই মহাপরিচালকের নেতৃত্বে র‍্যাব আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।