নিজস্ব প্রতিবেদক
ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা নিয়ন্ত্রণে এবং বিশ্ব বাণিজ্য সচল রাখতে বড় পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ। হরমুজ প্রণালির মাধ্যমে পণ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংস্থাটি একটি বিশেষ 'টাস্ক ফোর্স' গঠনের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে যে, এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে মানবিক বিপর্যয়সহ তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ভূত উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। নবগঠিত এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন আন্ডার-সেক্রেটারি-জেনারেল হোর্হে মোরেইরা দা সিল্ভা। এই উদ্যোগটি মূলত ইউক্রেনের 'ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ' এবং গাজায় ব্যবহৃত 'ইউএন২৭২০ মেকানিজম'-এর আদলে পরিচালিত হবে।
দুজারিকে জানান, টাস্ক ফোর্সটি বর্তমানে সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এর কার্যকারিতা নিশ্চিত করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, বৈশ্বিক স্বার্থে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সব রাষ্ট্র এই উদ্যোগে সমর্থন জানাবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে কৃষি উৎপাদনে, যা শেষ পর্যন্ত নিম্ন আয়ের দেশগুলোতে খাদ্যের দাম বহুগুণ বাড়িয়ে দেবে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)এক পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে ,সংঘাত যদি আগামী জুন মাস পর্যন্ত স্থায়ী হয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বর্তমান সংকটের ফলে বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ চরম খাদ্য সংকটে বা তীব্র ক্ষুধার সম্মুখীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।
মূলত বিশ্ব অর্থনীতিকে সচল রাখতে এবং মানবিক বিপর্যয় ঠেকাতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করাই এখন জাতিসংঘের প্রধান লক্ষ্য।