নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নন। তাই পুলিশের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে আগের যেকোনো একটি পোশাক পুনরায় চালুর বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
শনিবার (২৮ মার্চ) ৪৩তম বিসিএস ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, "পুলিশের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি যে, তারা বর্তমান ইউনিফর্ম নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। পুলিশের একটি দীর্ঘদিনের প্রত্যাশা ও আবেদন রয়েছে তাদের আগের সেই ঐতিহ্যমণ্ডিত পোশাকে ফিরে যাওয়ার।"
তিনি আরও আশ্বস্ত করেন যে, এ বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা চলছে এবং খুব দ্রুতই একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ।
সরকারের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান প্রশাসন বিশ্বাস করে পুলিশ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ হবে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু। নির্বাচনি ইশতেহার অনুযায়ী, পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করে একটি আধুনিক, সেবামূলক ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
পুলিশ বাহিনীকে আরও দক্ষ করতে বর্তমান সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধিসহ নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠনের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
এবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে ৪৩তম বিসিএসের ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন, যার মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৬ জন নারী কর্মকর্তা ছিলেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।