সারাদেশ

নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫৫, ২৮ মার্চ ২০২৬
photo

গত বছরের রক্তক্ষয়ী ছাত্র-যুব গণবিক্ষোভে প্রাণহানি ও দমন-পীড়নের অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) ভোরে রাজধানী কাঠমাণ্ডুর উপকণ্ঠের নিজ বাসভবন থেকে তাদের আটক করা হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের শপথ গ্রহণের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এই নাটকীয় ঘটনাটি ঘটল।

 

২০২৫ সালে নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলন যখন সরকার পতনের একদফায় রূপ নেয়, তখন পুলিশের গুলিতে অন্তত ৭৭ জন বিক্ষোভকারী নিহত হন। সম্প্রতি এই ঘটনার তদন্তে গঠিত একটি কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, তৎকালীন প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সেই সময় বিক্ষোভ দমনে কঠোর ও সহিংস অবস্থান নিয়েছিলেন। তারা পুলিশকে প্রাণঘাতী বলপ্রয়োগ থেকে বিরত রাখার কোনো কার্যকর উদ্যোগ নেননি। তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী, এই চরম অবহেলার দায়ে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 

নেপালের রাজনীতিতে এই গ্রেপ্তারের ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনপ্রিয় র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বলেন্দ্র শাহ গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে জয়লাভ করেন। গতকাল শুক্রবার (২৭ মার্চ) তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। তার ক্ষমতা গ্রহণের পরদিনই এই অভিযান চালানো হলো।

 

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এই পদক্ষেপকে কোনো রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখতে নারাজ। এক সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই গ্রেপ্তার কোনো প্রতিশোধ নয়, বরং যারা ওই আন্দোলনে নিহত ও আহত হয়েছেন, তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার একটি প্রক্রিয়া মাত্র।"

 

তদন্ত কমিশনের সুপারিশ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই দুই শীর্ষ নেতার বিচারকার্য পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে।