সারাদেশ

অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে আবারও পেট্রল রপ্তানি নিষিদ্ধ করছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৩৪, ২৮ মার্চ ২০২৬
photo

বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা এবং অভ্যন্তরীণ চাহিদা মেটানোর লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে পেট্রল বা গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন। আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকতে পারে বলে জানা গেছে।

 

রুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের ওঠানামা এবং অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখার কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'তাস'-এর প্রতিবেদন অনুযায়ী, ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই রপ্তানি নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকার সম্ভাবনা রয়েছে। রয়টার্স জানিয়েছে, উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবারই এই নির্দেশ জারি করেন।

 

জ্বালানি পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে নোভাক জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তবে রাশিয়ার জ্বালানি পণ্যের বৈশ্বিক চাহিদা এখনো ইতিবাচক অবস্থায় রয়েছে। সরকারের দাবি, গত বছরের তুলনায় বর্তমানে অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ অপরিবর্তিত আছে, যা দেশে তেলজাত পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।

 

উল্লেখ্য, গত বছর রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা এবং মৌসুমি চাহিদা বেড়ে যাওয়ায় দেশটির বেশ কিছু অঞ্চলে জ্বালানি সংকট তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে ক্রেমলিন এর আগেও একাধিকবার পেট্রল ও ডিজেল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিল।

 

শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্যমতে, গত বছর রাশিয়া মোট ৫০ লাখ মেট্রিক টন পেট্রল বিদেশে রপ্তানি করেছিল, যা দৈনিক হিসেবে প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেল। এবারের এই সম্ভাব্য নিষেধাজ্ঞা রাশিয়ার রপ্তানি আয়ে প্রভাব ফেললেও দেশের ভেতরে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে।

 

মূল্যবৃদ্ধি রোধ এবং অভ্যন্তরীণ গ্রাহকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার এই কঠোর অবস্থান বিশ্ব জ্বালানি বাজারে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, এখন সেটিই দেখার বিষয়।