সারাদেশ

ইরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলা: কোম শহরে প্রাণ হারালেন ১৮ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:৫৫, ২৭ মার্চ ২০২৬
photo

ইরানের পবিত্র নগরী কোম-এর একটি আবাসিক এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গত রাতে চালানো এই আকস্মিক হামলায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম ও উদ্ধারকারী সংস্থাগুলো।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের কোম শহরের জনবহুল পার্দিসান এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এবং তাসনিম জানিয়েছে, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৬ জন বলা হলেও উদ্ধার অভিযান শেষে তা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

 

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাটি মূলত একটি আবাসিক জোন ছিল। হামলার পরপরই সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয় এবং ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

চলমান উত্তেজনার প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা শুরু হয়। রেড ক্রিসেন্টের পরিসংখ্যান মতে ,মোট নিহতের সংখ্যা ১,৯০০ ছাড়িয়েছে  এবং সর্বমোট অন্তত ২০ হাজার ইরানি এই সংঘাতের শিকার হয়েছেন।

 

এদিকে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমান পরিস্থিতিতে সকল অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যেকোনো আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।" একইসঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মাধ্যমে সকল ষড়যন্ত্র নস্যাৎ করার নির্দেশ দেন।

 

উদ্ভূত এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।