নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর আশপাশে বসবাসরত সাধারণ মানুষকে দ্রুত ওইসব এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এই বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাদের ওপর হামলা চালানো এখন তাদের পবিত্র দায়িত্ব বা ‘কর্তব্য’ হয়ে দাঁড়িয়েছে। সংঘাতময় পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা দেওয়া হয়েছে।
ইরানি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, "আমরা আপনাদের (সাধারণ জনগণ) জোরালোভাবে পরামর্শ দিচ্ছি যে, যেসব এলাকায় মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব স্থান আপনারা অবিলম্বে ত্যাগ করুন। মার্কিন সেনাদের লক্ষ্য করে সম্ভাব্য অভিযানে যাতে আপনাদের কোনো প্রকার ক্ষতি না হয়, সেজন্যই এই সতর্কর্তা।"
মূলত মধ্যপ্রাচ্যে বিরাজমান চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান এই সরাসরি হুঁশিয়ারি প্রদান করল। আইআরজিসি মনে করে, মার্কিন সামরিক উপস্থিতির কাছাকাছি থাকা এখন সাধারণ নাগরিকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।