সারাদেশ

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের নিবন্ধন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৬:১৪, ২৭ মার্চ ২০২৬
photo

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুর্ঘটনার কবলে পড়া 'সৌহার্দ্য পরিবহন'র ওই বাসটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়।

 

গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পল্টুন থেকে ফেরিতে ওঠার সময় 'রাজবাড়ী-ব-১১-০০২৪' নম্বরযুক্ত সৌহার্দ্য পরিবহনের বাসটি সরাসরি নদীতে পড়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৫ জন। ঘটনার পর বিআরটিএ-র মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত সরেজমিনে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২২-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক বাসটির নিবন্ধন স্থগিতের পাশাপাশি বিআরটিএ কর্তৃপক্ষ আরও কিছু কঠোর নির্দেশনা দিয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে বাসটির মালিকপক্ষকে নিম্নোক্ত নথিপত্রসহ কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে:

  • মোটরযানের নিবন্ধন সনদ
  • ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ
  • রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্স

 

বিআরটিএ-র পত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে বাসটির নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করা হবে। পাশাপাশি বাসের মালিকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।