সারাদেশ

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে উড়লো জাতীয় পতাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৪:৪৮, ২৭ মার্চ ২০২৬
photo

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তারেক রহমানের রাষ্ট্রীয় গাড়িতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের সময় তার গাড়িতে এই পতাকা শোভা পেতে দেখা যায়।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে।

 

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই গৌরবোজ্জ্বল দিনটি উদযাপন উপলক্ষে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাভারে যাওয়া এবং আসার পুরো সময়জুড়েই প্রধানমন্ত্রীর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা ওড়তে দেখা গেছে।

 

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬'-এর অনুষ্ঠানে যোগ দেন। সেখানেও তিনি জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়েই অনুষ্ঠানস্থলে পৌঁছান। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আজই প্রথম তার গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হলো।

 

ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা কিছুক্ষণ নিরবতা পালন করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন।

 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর গত ১৭ ফেব্রুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।