সারাদেশ

হার না মানলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

পালটা হুঁশিয়ারি ইরানের
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:২৪, ২৮ মার্চ ২০২৬
photo

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভয়াবহ রূপ ধারণ করছে। ইরানকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ওয়াশিংটন স্পষ্ট করেছে, ইরান পিছু না হটলে আগের চেয়েও কয়েক গুণ বেশি ‘ভয়াবহ হামলার’ মুখোমুখি হতে হবে দেশটিকে।

 

যুক্তরাষ্ট্রের এই সরাসরি হুমকির মুখেও নতিস্বীকার করতে নারাজ ইরান। তেহরানের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইরান পালটা হুঁশিয়ারি দিয়েছে যে, তারা মাঠ ছাড়বে না।

 

এদিকে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাত এখন ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাচ্ছে। গত তিন সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে যে পালটাপালটি হামলা চলছে, তাতে এই অঞ্চল এবং বাইরের সাধারণ মানুষ চরম অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে।

 

সম্প্রতি লেবানন সফর শেষে গুতেরেস জানান, যুদ্ধের ভয়াবহ প্রভাব তিনি স্বচক্ষে দেখে এসেছেন। সেখানে যুদ্ধ বন্ধ হওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, হিজবুল্লাহকে যেমন ইসরাইলের দিকে হামলা বন্ধ করতে হবে, তেমনি ইসরাইলকেও লেবাননে সামরিক অভিযান থামাতে হবে। কারণ, এসব হামলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে।

 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই এই আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হয়। এর আগে মার্চের শুরুর দিকে ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, যা উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে।