সারাদেশ

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:০৩, ২৬ মার্চ ২০২৬
photo

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এক জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 

গত বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু এখনো সৌদি আরবে অবস্থান করছেন, তাদের জন্যই এই বিশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

 

মূলত ভিজিট ভিসা, ওমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা এই নির্দেশনার আওতায় পড়বেন।

 

আটকে পড়া প্রবাসীদের জন্য বড় সুবিধা হলো—এই নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করলে কোনো প্রকার জরিমানা দিতে হবে না। এমনকি ভিসার মেয়াদ বাড়ানোরও প্রয়োজন নেই। ভুক্তভোগী প্রবাসীরা ১৮ এপ্রিলের আগে যেকোনো দিন বিমানের টিকিট সংগ্রহ করে সরাসরি বিমানবন্দরে গেলেই নিজ দেশে ফেরার অনুমতি পাবেন।

 

দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে যে, ১৮ এপ্রিলের পর আর অবস্থান করার কোনো সুযোগ থাকবে না। যদি কোনো প্রবাসী এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগ না করেন, তবে তাকে কঠোর আইনি জটিলতার সম্মুখীন হতে হবে।

 

তাই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মেয়াদোত্তীর্ণ ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসাধারীদের দ্রুততম সময়ে সৌদি আরব ছাড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।