নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। আজ বুধবার বিকেলে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ‘সৌহার্দ্য পরিবহন’নামক বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং বড় ধরনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায় ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি। মুহূর্তের মধ্যেই বাসটি যাত্রীসহ পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরবর্তীতে স্থানীয়রা আরও দুজনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। তবে বাকি যাত্রীদের ভাগ্য নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্থানীয় ইউনিট। ঘটনার ভয়াবহতা বিবেচনায় ঢাকা সদর দপ্তর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল দৌলতদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকাজ দেখতে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় বাড়ছে, যা সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ যাত্রীদের সন্ধানে তাদের ডুবুরি দল কাজ করছে। বাসের ভেতরে আরও কতজন আটকা পড়ে আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।