নিজস্ব প্রতিবেদক
দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই এবং তেলের দাম বাড়ানোরও কোনো তাৎক্ষণিক পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বুধবার সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার এবং বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আন্তর্জাতিক বাজারে বর্তমানে সরকার চড়া দামে জ্বালানি তেল কিনছে। তবে সাধারণ মানুষের ওপর চাপের কথা চিন্তা করে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার এখনই দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, “সরকার লোকসান দিয়েও তেল সরবরাহ করছে, তাই জনগণের উচিত অপচয় রোধ করে জ্বালানি ব্যবহারে সচেতন হওয়া।”
উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, কাতারের গ্যাস ক্ষেত্রে সাম্প্রতিক হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে চুক্তিবদ্ধ এলএনজি সময়মতো পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশই একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কোনো প্রয়োজন নেই। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো পাম্প মালিক যদি অবৈধভাবে জ্বালানি মজুত করার চেষ্টা করেন, তবে সরকারের বিশেষ নজরদারির মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এখন থেকে প্রতি মাসে নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এই ব্রিফিংয়ের মাধ্যমে সরকারের চলমান কার্যক্রম এবং বিভিন্ন খাতের প্রকৃত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরা হবে বলে জানানো হয়।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি চালিয়ে যাবে।