সারাদেশ

জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০২:৩৭, ২৫ মার্চ ২০২৬
photo

সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রশাসনের বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি জানান, জুলাই আন্দোলনের যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি প্রদানের লক্ষ্যে আগামী সংসদ অধিবেশনে আইন পাস করা হবে। একইসাথে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড বিতরণ ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করার বিষয়েও তিনি আলোকপাত করেন।

 

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, ত্রয়োদশ নির্বাচনে জয়ী করার জন্য সরকার দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে প্রতি মাসে সরকারি কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ জনগণের সামনে পেশ করা হবে।

 

মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় 'ফ্যামিলি কার্ড' বিতরণ শুরু হয়েছে। দেশে মোট চার কোটি ১০ লাখ পরিবারকে চিহ্নিত করা হয়েছে, যাদের পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আনা হবে। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের জন্য নির্ধারিত সম্মানী প্রদান কার্যক্রমও ইতিমধ্যে শুরু হয়েছে।

 

পোশাক খাতের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঈদুল ফিতরের আগে বেতন ও বোনাস নিয়ে কোনো শ্রমিক অসন্তোষ দেখা দেয়নি। সময়মতো শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করতে সরকার ২৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল।

যোগাযোগ ও সেবার মানোন্নয়নে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর ঘোষণা দেন মন্ত্রী। বর্তমানে দেশের বড় বিমানবন্দরগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি, যুদ্ধকবলিত ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

 

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক সংকট থাকলেও দেশে এই মুহূর্তে কোনো জ্বালানি সংকট নেই বলে আশ্বস্ত করেন জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করেন যে, জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই। একইসাথে চাঁদাবাজি ও অবৈধ দোকানপাট বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দেশের প্রাকৃতিক গ্যাস উত্তোলনে পূর্ববর্তী সরকারের উদাসীনতার সমালোচনা করে নতুন উদ্যোগের ইঙ্গিত দেন।

 

পরিশেষে, জ্বালানি নিয়ে আতঙ্কিত হয়ে অতিরিক্ত ক্রয়ের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি না করতে মন্ত্রী সাধারণ জনগণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।