সারাদেশ

ফের ইসরায়েল-কুয়েত-জর্ডান-বাহরাইনে ইরানের হামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০২:৩৪, ২৫ মার্চ ২০২৬
photo

ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কুয়েত, জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির বিপ্লবী গার্ডের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এই খবরটি প্রকাশ করেছে।

 

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযানে উন্নত প্রযুক্তির ড্রোন এবং তরল ও কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। অধিকৃত ইসরায়েলের কেন্দ্রস্থল এবং এই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বানিয়ে এই জোরালো আঘাত হানা হয়েছে।

 

হামলার খবরের মধ্যেই কূটনৈতিক তৎপরতা নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আলোচনায় তিনি স্পষ্ট করেছেন যে, ইরান কোনো সাময়িক সমাধান নয়, বরং একটি দীর্ঘস্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে।

 

হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান পরিষ্কার করে আরাঘচি বলেন, এই জলপথটি সবার জন্য উন্মুক্ত এবং সাধারণ জাহাজগুলো এখানে নিরাপদে যাতায়াত করতে পারবে। তবে বর্তমানে শত্রু দেশগুলোর ক্ষেত্রে এই নিরাপত্তা প্রযোজ্য হবে না।

অন্যদিকে, আলোচনার গুরুত্ব তুলে ধরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মন্তব্য করেছেন যে, যুদ্ধের চেয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই সর্বদা শ্রেয়।