নিজস্ব প্রতিবেদক
দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের প্রবাহ ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে। চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনেই প্রবাসীরা প্রায় ২.৮৩ বিলিয়ন (২৮২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গত বছরের মার্চের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে ১৯ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২ হাজার ৩৭৯ কোটি টাকার সমপরিমাণ।
কেবল মার্চ মাসেই নয়, গত ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গিয়েছিল। ফেব্রুয়ারিতে দেশে ৩.০২ বিলিয়ন বা ৩০২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা গত বছরের ফেব্রুয়ারির (২৫২ কোটি ডলার) তুলনায় ১৯.৫ শতাংশ বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রাপ্তিতে বেশ চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। তথ্য অনুযায়ী , জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স ২,৫২৮ কোটি ১০ লাখ ডলার।
আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্তি: ২,১১২ কোটি ৩০ লাখ ডলার এবং প্রবৃদ্ধির হার ১৯.৭০ শতাংশ। প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার পুনর্নির্ধারণের ফলে প্রবাসীরা আগের চেয়ে বেশি অর্থ বৈধ পথে দেশে পাঠাতে উৎসাহিত হচ্ছেন।