সারাদেশ

ইসরাইলে ইরানের নতুন দফার হামলা

হাইফায় আঘাত হানলো ‘কদর’ ক্ষেপণাস্ত্র
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৩৪, ২৫ মার্চ ২০২৬
photo

ইসরাইল লক্ষ্য করে একের পর এক ‘কদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের বিশেষ সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উত্তর ইসরাইলে চালানো এই হামলায় বন্দর নগরী হাইফার একটি বাড়িতে গুচ্ছ বোমা (ক্লাস্টার বোমা) আঘাত হেনেছে। ৭৮তম দফার এই প্রতিশোধমূলক হামলায় উত্তর ও মধ্য ইসরাইলের বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এবারের হামলায় তারা গুচ্ছ বোমা বা ক্লাস্টার ওয়ারহেড সজ্জিত ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হাইফা শহরের একটি আবাসিক এলাকায় এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একটি ক্ষেপণাস্ত্র থেকে ছড়িয়ে পড়া ছোট ছোট অনেকগুলো বোমা বা সাব-মিউনিশন জনপদে পড়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

 

ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এখন পর্যন্ত এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ওপর পা লেগে ৩০ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় এক নারী আঘাত পেয়েছেন এবং বেশ কয়েকজন আতঙ্কিত হয়ে পড়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এদিকে, ইসরাইলের মধ্যাঞ্চলেও একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে সেটি জনশূন্য খোলা জায়গায় পড়ায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

 

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই দীর্ঘস্থায়ী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল। মূলত ইসরাইলের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলকে লক্ষ্য করেই ইরান এই আক্রমণ চালিয়েছে। হামলার ফলে জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং পশ্চিম গ্যালিলি এলাকায় উচ্চ সতর্কতা ও সাইরেন জারি করা হয়।

 

ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পরপরই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এছাড়া হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে সাধারণ মানুষের মোবাইল ফোনে সরাসরি সতর্কবার্তা পাঠানো হয়েছে।

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে প্রবেশ করতে এবং সেখানেই অবস্থান করার পরামর্শ দিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।