নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত সংলাপ ‘ইউ আর ফায়ারড’ ব্যবহার করেই এবার তাকে পাল্টা কটাক্ষ করল ইরান। দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক শীর্ষ কর্মকর্তা ট্রাম্পের কথা বলার ধরন ও ভঙ্গি অনুকরণ করে এই বিদ্রূপ করেন।
ইরানের আইআরজিসি-র খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাঘারি এক ভিডিও বার্তায় শত্রুপক্ষকে হুঁশিয়ারি দেন। ওই বার্তায় তিনি ডোনাল্ড ট্রাম্পের পরিচিত ভঙ্গি ও সংলাপ নকল করে তাকে ‘বহিষ্কার’ করার কথা বলেন। মূলত ট্রাম্পের দীর্ঘদিনের অভ্যস্ত আচরণকে বিদ্রূপ করতেই এই কৌশল বেছে নেন তিনি।
এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নেতৃত্ব পরিবর্তনের বিভিন্ন বিকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তিনি জানিয়েছিলেন, ইরানে অত্যন্ত কঠোরভাবে শাসনব্যবস্থার পরিবর্তন আনা হতে পারে।
ট্রাম্পের মতে, ভেনেজুয়েলার আদলে কোনো নেতা খুঁজে পাওয়া কিংবা ইরানে একটি ‘যৌথ নেতৃত্ব’ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে ওয়াশিংটন।
আলোচনা সফল না হলে ইরানে ‘বোমাবর্ষণ অব্যাহত’ রাখার নতুন হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যখন পরোক্ষ আলোচনা চলছিল, ঠিক সেই সময়েই ইরানে যৌথভাবে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
সেই উত্তপ্ত পরিস্থিতির রেশ ধরেই ইরান ও আমেরিকার মধ্যে বর্তমানে এই বাগযুদ্ধ ও পাল্টাপাল্টি কটাক্ষের ঘটনা ঘটছে।