নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোকসজ্জার বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। আগামী ২৫ ও ২৬ মার্চ রাতে দেশের কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।
আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি কোনো ভবন বা স্থাপনায় আলোকসজ্জা করা নিষিদ্ধ করা হয়েছে। ওই দিন রাতের আঁধারে বর্বরোচিত সেই হত্যাযজ্ঞের স্মরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যেও দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বর্তমান জ্বালানি সংকট বিবেচনায় রেখে বিদ্যুৎ সাশ্রয় বা কৃচ্ছ্রসাধনের লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।
এর আগে গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আলোকসজ্জা না করার এই সিদ্ধান্তের কথা জানান।
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের আলোকসজ্জা পরিহার করে দিবসগুলোর মূল তাৎপর্য গুরুত্বের সঙ্গে পালন করা হবে।