সারাদেশ

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ ভিন্ন মাত্রার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:০১, ২২ মার্চ ২০২৬
photo

দেশে বর্তমান পরিবর্তিত ও গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদুল ফিতর ভিন্ন এক আমেজ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, নির্বাচনের পর সাধারণ মানুষ তাদের মালিকানা ফিরে পাওয়ায় এবারের ঈদের আনন্দ অনেক বেশি স্বতঃস্ফূর্ত।

 

শনিবার সকালে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলী এলাকার উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। নামাজ পরবর্তী সময়ে তিনি তার পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন।

 

ঈদের তাৎপর্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, "একটি গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন। আমার মনে হয়, আমরা যে মালিকানা ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলাম, নির্বাচনের মাধ্যমে তা বহুলাংশে ফিরে পেয়েছি। ফলে সবার মধ্যেই একটি অতিরিক্ত আনন্দ কাজ করছে।"

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও উল্লেখ করেন যে, মানুষ যখন মুক্ত পরিবেশ পায় না, তখন ঈদের আনন্দ পূর্ণতা পায় না। তিনি বলেন, "দেশটা যেন এভাবেই থাকে। সবাই যেন মুক্তভাবে কথা বলতে পারে, চলতে পারে এবং নিজেদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে।"

 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেন যে, দেশের মানুষের মধ্যে বিদ্যমান এই ভালোবাসা ও ভ্রাতৃত্বের ধারা যেন জাতি-ধর্ম নির্বিশেষে অব্যাহত থাকে। পরিশেষে তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।