সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় থাকছেন না, থাকছেন গুলশানের বাসায়

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫১, ২১ মার্চ ২০২৬
photo

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, বরং গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই এখন থেকে তার অবস্থান নিশ্চিত করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী যমুনার পরিবর্তে গুলশানের বাসাতেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

 

প্রেস সচিব আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর থেকেই তার গুলশানের ছোট বাসাটিতে থাকছেন এবং তার ব্যক্তিগত পছন্দ অনুযায়ীই সেখানে থাকার সব প্রস্তুতি ও সাজসজ্জা সম্পন্ন করা হয়েছে।

 

আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কেও তথ্য দিয়েছেন আতিকুর রহমান রুমন। তিনি জানান, ঈদের দিন সকাল আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের সাধারণ মানুষের সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

 

বাসভবন হিসেবে ব্যবহার না করলেও, ঈদের আনুষ্ঠানিকতার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ব্যবহার করবেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজ শেষে সকাল ১০টা থেকে যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে তিনি পবিত্র ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।