সারাদেশ

দেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে কাজ করছে সরকার: মাদারীপুরে হুইপ অপু

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:৪৭, ১৭ মার্চ ২০২৬
photo

দেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

 

সোমবার (১৬ মার্চ) বিকেলে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ থেকে চরমুগুরিয়া এলাকা পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী কোনো অবাস্তব প্রতিশ্রুতি দেন না; বরং জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সরাসরি মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনছেন এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। সরকারের মূল লক্ষ্যই হলো একটি সমৃদ্ধ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।

 

হুইপ আরও উল্লেখ করেন যে, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে খাল খনন একটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ। এই কর্মসূচি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষকরা উন্নত সেচ সুবিধা পাবেন, যা ফসলের উৎপাদন বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একসময় নিজ হাতে কোদাল ধরে খাল খনন কর্মসূচির যে সূচনা করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ঐতিহ্যকেই নতুন করে পুনরুজ্জীবিত করেছেন। এর মাধ্যমে দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে।

 

আনিসুর রহমান খোকন তালুকদার আরও জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের কষ্ট লাঘবের চেষ্টা চলছে। এরই মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বহু পরিবার সহায়তা পাচ্ছে এবং কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষি খাতকে আরও শক্তিশালী করবে।

 

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং মাদারীপুরের পুলিশ সুপার মো. এহতেশামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কাজের উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এর ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।