নিজস্ব প্রতিবেদক
ঢাকা আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে সাত দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত—অর্থাৎ ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় ও জরুরি পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
বিআরটিএ-র মঙ্গলবারের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদে যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে পণ্যবাহী ভারী যানবাহন বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জনস্বার্থ বিবেচনা করে নির্দিষ্ট কিছু খাতকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে: নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্য , ওষুধ, সার ও জ্বালানি এবং রপ্তানিমুখী গার্মেন্টস সামগ্রী।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দুই পাশে কোনোভাবেই যানবাহন পার্কিং করা যাবে না। রাস্তার ওপর অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
সড়কপথে যাতায়াতকারী যাত্রী বা পরিবহন সংশ্লিষ্টদের যেকোনো সমস্যায় তাৎক্ষণিক সহায়তার জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। যেকোনো প্রয়োজনে হটলাইন: ১৬১০৭ এবং ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতেই এই সতর্কতামূলক পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে।