নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশের কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দেশের ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প শুরু হতে যাচ্ছে। আগামী পহেলা বৈশাখ টাঙ্গাইল সদর উপজেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রি-পাইলটিং প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফার্মার্স কার্ড সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, কৃষকদের দোরগোড়ায় সরকারি সহায়তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনীর দিন থেকেই নির্ধারিত ১১টি উপজেলায় একযোগে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
প্রকল্পের শুরুতে ভৌগোলিক বৈচিত্র্য বিবেচনা করে দেশের বিভিন্ন প্রান্তের ১১টি উপজেলাকে নির্বাচন করা হয়েছে। উপজেলাগুলো হলো: টাঙ্গাইল সদর ,জামালপুরের ইসলামপুর,পঞ্চগড় সদর, বোদা (পঞ্চগড়),বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা,পিরোজপুরের নেছারাবাদ ,কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, মৌলভীবাজারের জুড়ী ও রাজবাড়ীর গোয়ালন্দ।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে সরকারের নীতি-নির্ধারক পর্যায়ের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কৃষিমন্ত্রী মো: আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু। এছাড়াও বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত জাতীয় নির্বাচনে কৃষকদের আধুনিক সুযোগ-সুবিধা ও সরাসরি সহায়তা প্রদানের লক্ষ্যে এই 'ফার্মার্স কার্ড' চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। পরীক্ষামূলক এই ধাপ সফল হলে পর্যায়ক্রমে সারাদেশে এই কার্ড বিতরণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।