সারাদেশ

৯৭ শতাংশ পোশাক কারখানায় ঈদ বোনাস ও ফেব্রুয়ারির বেতন প্রদান

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:৫৬, ১৭ মার্চ ২০২৬
photo

ঢাকা আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের সিংহভাগ পোশাক কারখানায় শ্রমিকদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধ সম্পন্ন হয়েছে।

 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সর্বশেষ তথ্যানুযায়ী, এই দুই অঞ্চলের ৯৭ শতাংশেরও বেশি কারখানা ইতিমধ্যে ঈদ বোনাস প্রদান করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এই পরিসংখ্যান তুলে ধরে।

 

বেতন ও বোনাস পরিশোধের চিত্রবিজিএমইএ-র আওতাভুক্ত ঢাকা ও চট্টগ্রামে বর্তমানে মোট সচল কারখানার সংখ্যা ২ হাজার ১২৭টি। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৮৫টি এবং চট্টগ্রামে ৩৪২টি কারখানা রয়েছে।

 

বিজিএমইএ-র প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত ২ হাজার ৮০টি কারখানা তাদের শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে, যা মোট কারখানার ৯৭.৭৯%। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৫৩টি এবং চট্টগ্রামের ৩২৭টি কারখানা রয়েছে।

 

ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১০৪টি কারখানা। অর্থাৎ ৯৮.৯২% কারখানায় গত মাসের বেতন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৬৭টি এবং চট্টগ্রামের ৩৩৭টি প্রতিষ্ঠান রয়েছে।মার্চ মাসের অগ্রিম বেতনচলতি মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধের ক্ষেত্রেও অনেক কারখানা এগিয়ে এসেছে।

 

বিজিএমইএ জানিয়েছে, মোট ৮৭০টি কারখানা (৪০.৯০%) মার্চ মাসের আংশিক বা পূর্ণাঙ্গ বেতন অগ্রিম হিসেবে পরিশোধ করবে। এর মধ্যে ঢাকার ৮৪০টি এবং চট্টগ্রামের ৩০টি কারখানা এই তালিকায় অন্তর্ভুক্ত।

 

বিজিএমইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আমেজ নির্বিঘ্ন করতে বাকি থাকা স্বল্পসংখ্যক কারখানাও দ্রুততম সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করবে।