সারাদেশ

জামালপুরের মাদারগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:৫৮, ১৬ মার্চ ২০২৬
photo

জামালপুরের মাদারগঞ্জে কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জোড়খালি ইউনিয়নে এই প্রকল্পের শুভ সূচনা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনার আওতায় 'পলিশা খাল' পুনঃখনন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের অধীনে পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়াগাছা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এলাকা খনন করা হবে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, "এই খালটি পুনঃখননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, যা সরাসরি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। এর ফলে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটি বিশেষ ভূমিকা রাখবে।"

 

জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।