সারাদেশ

র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন শীর্ষ নেতৃত্ব: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:২৬, ১৬ মার্চ ২০২৬
photo

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিন বিশেষায়িত ইউনিট—র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বিশেষ শাখা (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন প্রধান নিযুক্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশকে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের আরেক অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

 

পুলিশের এই বৃহৎ তিন ইউনিটে নতুন নেতৃত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং তদন্ত কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে ধারণা করা হচ্ছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উচ্চপর্যায়ে এই রদবদল একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট বিভাগ।