সারাদেশ

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৩১, ১৬ মার্চ ২০২৬
photo

সংযুক্ত আরব আমিরাতে ইরান যুদ্ধ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল রাজধানী আবুধাবিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আমিরাত পুলিশের এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা রয়েছেন। গত কয়েকদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নিবিড় পর্যবেক্ষণের পর তাদের আইনের আওতায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

 

সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে জানানো হয়েছে, আটককৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান যুদ্ধ নিয়ে কৃত্রিম ভিডিও কনটেন্ট এবং ভুয়া তথ্য প্রচার করছিলেন। তাদের বিরুদ্ধে মূলত জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।

 

সরকারি সংবাদমাধ্যম 'ওয়াম নিউজ'কে দেওয়া এক সাক্ষাৎকারে ড. হামাদ সাইফ আল শামস জানান, গ্রেপ্তারকৃতরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতেন। এ ধরনের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে আমিরাত সরকার।

 

আমিরাতের আইন অনুযায়ী, ডিজিটাল মাধ্যমে গুজব বা ভুয়া তথ্য ছড়ানো একটি গুরুতর ও দণ্ডনীয় অপরাধ। দেশটির দণ্ডবিধি অনুসারে, এই অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে কমপক্ষে ১ বছরের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।

বর্তমানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।