নিজস্ব প্রতিবেদক
সারাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে গৃহীত ‘খাল খনন কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামীকাল সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের পুনঃখনন কাজের সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী আজ রবিবার সকালে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের কাজ উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী মোট ৫৩টি খালের খনন কার্যক্রমের সূচনা করবেন। উদ্বোধন শেষে স্থানীয় একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, ১৬ মার্চ থেকে দিনাজপুর জেলা থেকে এই বৃহৎ খাল খনন প্রকল্প শুরু হতে যাচ্ছে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, আগামীকাল সকাল ৯টায় প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন।
খাল খনন কর্মসূচির উদ্বোধন ও জনসভা শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত ও মোনাজাত করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিনাজপুর ও নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।