সারাদেশ

রাসিক প্রশাসক রিটনকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:৩৯, ১৪ মার্চ ২০২৬
photo

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

 

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহীসহ দেশের ৫টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এক শুভেচ্ছা বার্তায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মাহফুজুর রহমান রিটনকে রাজশাহীর মতো একটি গুরুত্বপূর্ণ নগরীর প্রশাসক মনোনীত করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন।

তিনি আশা প্রকাশ করেন, রাজশাহীকে একটি সুখী, শান্তিময় ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে রিটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

শুভেচ্ছা বার্তায় মিনু আরও উল্লেখ করেন, নবনিযুক্ত প্রশাসক রিটন তার অত্যন্ত স্নেহভাজন। আগামী দিনগুলোতে নগরীর উন্নয়নে তার প্রতি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ভূমিমন্ত্রী। একইসঙ্গে তিনি রিটনের ব্যক্তিগত সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-১) থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাজশাহী ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

 

মাহফুজুর রহমান রিটন রাজনৈতিক ক্যারিয়ারে এর আগে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।