নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অবস্থানরত ফেনী জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে ‘ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা’ (এফএসএফডি)। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ফেনীর কৃতি সন্তানরা উপস্থিত হয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও জেলার উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আদিত্য আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিত্ব, প্রবীণ সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দেশের স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়। দেশের স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ফেনী জেলার উন্নয়ন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, ফেনীতে একটি মেডিকেল কলেজ এবং একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। বক্তারা অবিলম্বে এসব প্রতিষ্ঠান স্থাপনে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন এবং ফেনীর সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দেশ রূপান্তরের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ।
এছাড়াও ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, সাবেক সভাপতি তানভীর আলাদিন, সম্পাদক ফজলুল হক রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন ও রফিকুস মুনির চৌধুরীসহ আরও অনেক গুণীজন এই আয়োজনে উপস্থিত ছিলেন।