নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। আগামীকালের মধ্যে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং পাম্পগুলোর নিরাপত্তা প্রদান করা না হলে সোমবার (১৬ মার্চ ২০২৬) থেকে জেলাজুড়ে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, রাজশাহীতে বর্তমানে জ্বালানি তেলের ভয়াবহ সরবরাহ ঘাটতি চলছে। বাঘাবাড়ি ডিপোর মাধ্যমে খুলনা থেকে তেল সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত সামান্য। ৭৫ শতাংশ তেল সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে মিলছে না তার অর্ধেকও। অনেক এজেন্সিতে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ঘাটতি দেখা দিচ্ছে।
এছাড়া, বর্তমান পরিস্থিতিতে পাম্পগুলোতে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তারা।
নেতারা জানান, আগামীকাল রোববার পর্যন্ত মজুত থাকা তেল বিতরণ করা হবে। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণ না হলে সোমবার থেকে রাজশাহীর ৫০টি পাম্প ও ১০টি এজেন্সি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হবে। এই ইস্যুতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও প্রদান করবেন তারা।
সংবাদ সম্মেলনে উত্থাপিত উল্লেখযোগ্য দাবি ও শর্তগুলো হলো:
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল আওয়াল খান জোতি, রাজশাহী জেলা শাখার সভাপতি মনিমুল হক, সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল এবং কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।