নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে প্রতি শনিবার সারা দেশে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। এই কর্মসূচির আওতায় স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী, খাল-বিল ও অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার করার বিষয়টি সরাসরি তদারকি করবেন।
শনিবার সকালে রাজশাহী নগরীর পবা উপজেলার বায়া ব্রিজের নিচে বারনই নদীর শাখা খালের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনের সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এসব কথা জানান। জনস্বাস্থ্যের সুরক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এই নিয়মিত কর্মসূচি পালিত হবে।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, এই পরিচ্ছন্নতা অভিযানের জন্য কোনো ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, স্টেজ, মাইক্রোফোন বা বেলুন ওড়ানোর কোনো প্রয়োজন নেই। কাজের গুরুত্ব বোঝাতে তিনি নিজেও রাজশাহীর এই উদ্বোধনী অনুষ্ঠানে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা প্রচারণামূলক সরঞ্জাম ব্যবহার করেননি। কাজের মাধ্যমেই জনসচেতনতা তৈরির ওপর তিনি জোর দেন।
অনুষ্ঠানে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক বলেন, বিগত দীর্ঘ সময়ের জমে থাকা জঙ্গল আমাদের পরিষ্কার করতে হবে। কারা এই জঙ্গল তৈরি করেছে তা নিয়ে তর্কে না জড়িয়ে রোগ প্রতিরোধের স্বার্থে নিজেদের নদী-নালা ও চারপাশ পরিষ্কার রাখাটাই এখন জরুরি।
পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।