নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সময়সীমা ও কার্যসূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এবারের অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটি। এই দীর্ঘ সময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর সব মিলিয়ে ৫০ ঘণ্টা আলোচনা করবেন সংসদ সদস্যরা।
শনিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সংসদের স্থায়িত্বকাল এবং বিভিন্ন কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। তবে বিশেষ প্রয়োজনে অধিবেশনের সময় বা কার্যদিবস পরিবর্তনের পূর্ণ ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।
এবারের অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সচিবালয় জানিয়েছে, অধিবেশনে উত্থাপনের জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।
এছাড়া জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য (বিধি-৭১) ২৭টি নোটিশ এবং সিদ্ধান্ত প্রস্তাবের জন্য (বিধি-১৩১) ৯৭টি নোটিশ পাওয়া গেছে।