সারাদেশ

মির্জা আব্বাসকে বিদেশে পাঠাতে প্রস্তুত এভারকেয়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৪:৩৯, ১৪ মার্চ ২০২৬
photo

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি দলীয় এই নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেন। গত বুধবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মির্জা আব্বাস বর্তমানে নিউরো আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মির্জা আব্বাসের চিকিৎসার জন্য ইতোমধ্যে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান, অধ্যাপক শেখ আবদুল কাদের, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক দ্বীন মোহাম্মদ, অধ্যাপক সাঈদ আহমেদ এবং অধ্যাপক জাফর ইকবাল। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আপডেট নিচ্ছেন এবং মেডিকেল বোর্ডের বৈঠকগুলোতে তিনিও অনলাইনে যুক্ত থাকছেন।
 

উল্লেখ্য, গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
 

উন্নত চিকিৎসার প্রয়োজনে মির্জা আব্বাসকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতিও চূড়ান্ত করে রাখা হয়েছে। ডা. জাহিদ হোসেন জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ ও ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
 

মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।