নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবিতে সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামীকালের (১৫ মার্চ) মধ্যে অধিবেশন আয়োজনের কোনো পদক্ষেপ না নেওয়া হলে রাজপথে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জোটটি। একইসঙ্গে আগামী ২৮ মার্চ আন্দোলনের পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, "জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার নির্ধারিত সময় আগামীকাল শেষ হতে যাচ্ছে। আমরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জনমতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অধিবেশন না ডাকা হয়, তবে এর দায়ভার সরকার ও সংসদ নেতাকে নিতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করলে সরকার জাতির কাছে ক্ষমা পাবে না। দায়িত্বশীল বিরোধী পক্ষ হিসেবে তাদের সংসদ সদস্যরা সংসদে যেমন সোচ্চার থাকবেন, তেমনি রাজপথেও সক্রিয় ভূমিকা পালন করবেন।
লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে বলা হয় ,১৫ মার্চের মধ্যে অধিবেশনের ঘোষণা না এলে শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ২৮ মার্চ জোটের পক্ষ থেকে আন্দোলনের বিস্তারিত গাইডলাইন বা রূপরেখা দেশবাসীর সামনে তুলে ধরা হবে।
১১টি দল সম্মিলিতভাবে রাজপথে সরকারবিরোধী কর্মসূচি পালনের অঙ্গীকার ব্যক্ত করেছে। ১১ দলীয় ঐক্যের নেতারা মনে করছেন, জুলাই সনদ বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব। সরকার যদি এই দাবি পূরণে ব্যর্থ হয়, তবে উদ্ভূত পরিস্থিতির জন্য প্রশাসনকেই জবাবদিহি করতে হবে।
জনগণের সাংবিধানিক অধিকার আদায়ে কোনো প্রকার ছাড় না দিয়ে এবার সরাসরি মাঠের কর্মসূচিতে নামার প্রস্তুতি সম্পন্ন করেছে ১১ দলীয় এই জোট।